শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ | ৩ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১০:২৩
শিরোনাম
● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন ● জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ● খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় শীর্ষ তিনে ইবির ৪ শিক্ষার্থী ● গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন ● জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ● খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় শীর্ষ তিনে ইবির ৪ শিক্ষার্থী ● গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি

জামানত ছাড়াই ৫ লাখ, সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন শিক্ষার্থীরাও

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:১৩
শেয়ার: mail
জামানত ছাড়াই ৫ লাখ, সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন শিক্ষার্থীরাও

সংগৃহীত ছবি

প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, নিম্ন আয়ের পেশাজীবী, ছোট ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পত্তি বন্ধক বা জামানত দিতে হবে না। তবে ঋণগ্রহীতার পাশাপাশি সর্বোচ্চ দুজন ব্যক্তিগত জামিনদার থাকতে হবে।

এ ঋণের বিপরীতে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ পরিশোধে সর্বোচ্চ ছয় মাসের বিরতিসহ মেয়াদ পাওয়া যাবে পাঁচ বছর পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের নীতিমালা সংশোধন করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ তহবিল সার্কুলার জারির তারিখ থেকে আগামী পাঁচ বছর কার্যকর থাকবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।

যাঁরা পাবেন ঋণের সুবিধা

নতুন নীতিমালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঋণ পাওয়ার যোগ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন জেলে, ছুতোর, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতকারী, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, আচার-পিঠা প্রস্তুতকারক, ক্ষুদ্র তাঁতি ও চা-শ্রমিক।

এ ছাড়া মুদি ও মনিহারি দোকানদার, ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং শাকসবজি, ফল ও ফুলের ব্যবসায়ীরাও এ ঋণ নিতে পারবেন।

কৃষি ও অন্যান্য খাতের মধ্যে হাঁস-মুরগি, গবাদিপশু ও কবুতর পালনকারী, মৎস্য ও চিংড়ি চাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, ফ্রিল্যান্সার এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা ঋণের আওতায় থাকবেন।

নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার রাখা হয়েছে। বিতরণ করা মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহকদের দিতে হবে। এ ক্ষেত্রে প্রান্তিক ও অতিক্ষুদ্র নারী উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন।

কৃষক, প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা

কৃষি খাতের প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারীরা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ নিতে পারবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও সাধারণ কৃষকদের ঋণ পাওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও মহামারিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও আয়বর্ধক কাজের জন্য এ ঋণ নিতে পারবেন।

প্রবাসীদের রেমিট্যান্সের সুবিধাভোগী পরিবার এবং বিদেশফেরত কর্মীরাও এ ঋণ সুবিধার আওতায় থাকবেন।

শিক্ষার্থীরাও পাবেন ঋণ

২৫ বছরের কম বয়সী সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্যও ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। কারিগরি, বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের জন্য অভিভাবকের জামিনে তাঁরা ঋণ নিতে পারবেন।

এ ছাড়া ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ব্যবসা শুরু করতে চাইলে ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় এবং শিক্ষা উপকরণ কেনার জন্যও অভিভাবকের জামিনে ঋণ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে।

কত টাকা ঋণ পাওয়া যাবে, লাগবে কি জামানত?

একজন একক গ্রাহক বা অতিক্ষুদ্র উদ্যোক্তা নিজের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পত্তি বন্ধক বা জামানত রাখতে হবে না। এ ক্ষেত্রে ঋণগ্রহীতার পাশাপাশি সর্বোচ্চ দুজন ব্যক্তিগত জামিনদার প্রয়োজন হবে।

দলগতভাবেও ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য দুই থেকে পাঁচজন মিলে একটি দল গঠন করতে পারবেন। দলের প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা এবং পুরো দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। তবে ঋণ পরিশোধের ক্ষেত্রে দলের প্রত্যেক সদস্য যৌথ ও ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন।

ঋণের অর্থ গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করতে হবে।

সুদের হার ও ঋণ পরিশোধের নিয়ম

বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। তবে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিজস্ব নিয়মে অর্থায়ন করলেও মুনাফার হার ৭ শতাংশের বেশি নিতে পারবে না।

ঋণ পরিশোধ শুরুর আগে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা বিরতি পাওয়া যাবে। এ বিরতিসহ ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ৬০ মাস বা পাঁচ বছর।

গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক কিস্তিতে ঋণের আসল ও মুনাফা পরিশোধ করতে পারবেন গ্রাহক।

যাঁরা ঋণ পাবেন না

ঋণখেলাপিরা এ পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ নিতে পারবেন না। এ ছাড়া সরকার বা বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো পুনঃঅর্থায়ন স্কিম কিংবা সুদ ভর্তুকির আওতায় নেওয়া আগের ঋণ পরিশোধ বা সমন্বয় না করলেও নতুন ঋণ পাওয়া যাবে না।

ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর পূর্ববর্তী ঋণের তথ্য যাচাই করতে হবে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি (CIB) প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো ফি নেওয়া যাবে না।

যেভাবে আবেদন ও ঋণ বিতরণ হবে

ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অনলাইন বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায় করা যাবে।

এ ঋণের জন্য নির্ধারিত চার্জের বাইরে অতিরিক্ত কোনো সার্ভিস ফি নিতে পারবে না ব্যাংকগুলো। ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর ঋণ বিতরণ ও সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জামানত ছাড়াই ৫ লাখ, সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন শিক্ষার্থীরাও

বিস্তারিত কমেন্টে