কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তাঁর মা তাহমিনা বেগম (৫২) হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে (২৯) পৃথক দুই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে মোট তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারা অনুযায়ী, সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল হোসেন, নিহতদের পরিবারের সদস্য এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রায় আড়াই মাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। পরবর্তী সময়ে আদালত ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করলেও রায় প্রস্তুত না হওয়ায় সেদিন তা ঘোষণা করা হয়নি। পরে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর অভিযুক্ত মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। হত্যাকাণ্ডের আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তাঁর মাকে হত্যার কথা জানান।
এদিকে, সুমাইয়া ও তাঁর মায়ের হত্যাকাণ্ডের পর থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে তাঁরা মানববন্ধন, বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন।
দীর্ঘ প্রতীক্ষার পর মামলার রায় ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত সুমাইয়ার সহপাঠীরা। সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, ফাঁসির রায় হওয়ায় তাঁরা অনেক কৃতজ্ঞ। যত দ্রুত সম্ভব এ রায় কার্যকর করার দাবি জানান তিনি। সম্ভব হলে প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, এতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস পাবে না।
নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, আসামি মোবারকের ন্যক্কারজনক ঘটনায় তিনি তাঁর মা ও একমাত্র বোনকে হারিয়েছেন। তদন্তে কিছুটা বেশি সময় লাগলেও তদন্ত শেষে আদালত দ্রুত রায় ঘোষণা করেছেন। তিনি এ রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আয়েশা জানান, মামলায় কোনো প্রত্যক্ষদর্শী নেই। যে ভিডিও ফুটেজের কথা বলা হচ্ছে, সেখানেও বিষয়টি স্পষ্টভাবে উঠে আসেনি। কিছু বিতর্কের জায়গা থাকলেও আইনগত কারণে তাঁরা সেসব বিষয়ে এগোতে পারেননি। ডিএনএ পরীক্ষায় কিছু আলামত পাওয়া যাওয়ায় তাঁদের পক্ষে আর এগোনো সম্ভব হয়নি।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার বলেন, মামলার যুক্তিতর্ক শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেছেন। রায়ে সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে এবং তাঁর মাকে হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।