হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাংলাদেশ ডাক বিভাগের মেইল পরিবহনের একটি কাভার্ড ভ্যান ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউসারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া কাউসারনগর এলাকায় ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০০৫০৮) বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেল পরিবহনের একটি মাঝারি আকারের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫) দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ড ভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে। অপর দুজন হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড়া গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।