জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দসহ পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণ ছাড়, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ভাষণে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যতম সম্মুখসারির দেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। নানা প্রতিকূলতা সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ২০ শতাংশ লক্ষ্যমাত্রা
জ্বালানি খাতে পরিবেশবান্ধব পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যেও কাজ করছে সরকার।
বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের প্রসঙ্গে তিনি জানান, দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণ এবং পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়াতে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান অর্থায়ন কাঠামো উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি জাতীয় অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সক্ষমতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন আরও ঋণ নয়, বরং অনুদান। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে হবে।
কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তার প্রস্তাবগুলো হলো—
১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ নিশ্চিত করা। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দেওয়া।
২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।
৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করা।
৫. ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি খাতে ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সম্পৃক্ত করার আহ্বান
জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ক্ষেত্রে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ভাষণের শেষাংশে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত প্রত্যাশা করেন তারেক রহমান। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দেওয়া প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। এ জন্য বৈশ্বিক সংহতি আরও জোরদার করে সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।