কলকাতার অভিনেত্রী স্বস্তিকা দত্তকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রেমের গুঞ্জন। কখনো ধারাবাহিকের পরিচালক, আবার কখনো সহ-অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার নাম জড়িয়ে ছড়াচ্ছে নানা খবর। তবে এসব গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন অভিনেত্রী।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, তিনি কোনো সম্পর্কে জড়াননি। বরং তাকে ঘিরে একের পর এক সম্পর্কের খবর ছড়ানোয় কিছুটা বিরক্ত ও বিস্মিত তিনি।
রসিকতার সুরে অভিনেত্রী বলেন, তাকে দেখে মনে হচ্ছে যেন তিনি বিশ্বসুন্দরী এবং ভীষণ প্রতিভাবান! পরিচালক থেকে নায়ক—কেউই বাদ যাচ্ছেন না তার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো এসব খবরের চেয়ে নিজের অভিনীত ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ বন্ধ হওয়ার খবরেই বেশি মন খারাপ স্বস্তিকার। তার মতে, ধারাবাহিকটি বন্ধ হওয়ার খবরটি গুঞ্জন হলে বরং ভালো লাগত। কিন্তু সেটি সত্যি।
সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে স্বস্তিকা বলেন, অতীতেও তার সম্পর্ক ছিল এবং তা কারও কাছে গোপন ছিল না। ভবিষ্যতে কারও সঙ্গে সম্পর্কে জড়ালে সেটিও নিজেই প্রকাশ করবেন। এ বিষয়ে নিজের সততা বজায় রাখবেন বলেও জানান অভিনেত্রী।