চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে গাছ পুড়িয়ে কয়লা তৈরির একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করা হয়।
উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানের মুখে কারখানার মালিক নিজেই অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলেন।
এ সময় কারখানার সব মালামাল সরিয়ে নিয়ে জমি খালি করে দেওয়ার অঙ্গীকার করেন মালিক মিঠু।
জানা গেছে, উপজেলার মধুপুর গ্রামের মোতালেপ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে কারখানাটি গড়ে তোলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে মিঠু। সেখানে অবৈধভাবে গাছ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় তিনি এ কার্যক্রম পরিচালনা করতেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি দল মধুপুর গ্রামের ওই কারখানায় উপস্থিত হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ অভিযান পরিচালনা করেন।