নাটোরের বাগাতিপাড়ায় একটি সুপার শপের টিনের চালা কেটে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার যোগীপাড়া মোড় বাজারে অবস্থিত বন্ধু সুপার শপে এ ঘটনা ঘটে। দোকানমালিকের দাবি, চুরিতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে নগদ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরেরা কয়েক দফায় দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল বাইরে নিয়ে যাচ্ছে।
দোকানমালিক আবিদুল হক আসিফ জানান, সকালে দোকান খুলতে এসে টিনের চালা কাটা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে হিসাব করে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তিনি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।