নাটোরের নলডাঙ্গায় চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। ডিলারের দোকানে সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিশৃঙ্খলার আশঙ্কায় দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বেশি। অথচ ডিলারের দোকানে পর্যাপ্ত সার সরবরাহ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের। অনেকে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও সার সংগ্রহ করতে পারছেন না। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। উপজেলা কৃষি অফিস ও নলডাঙ্গা থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি সুশৃঙ্খলভাবে সার বিতরণ নিশ্চিত করার চেষ্টা চালান। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকে সার পাচ্ছেন না। তাঁদের অভিযোগ, টোকেন নিয়ে লাইনে অপেক্ষা করার পরও কেউ কেউ বিভিন্ন উপায়ে লাইনের আগে গিয়ে সার সংগ্রহ করছেন। আবার প্রকৃত কৃষকেরা চাহিদামতো সার না পেয়ে ফিরে যাচ্ছেন। অন্যদিকে, অনেকে চাষাবাদ না করেও ভ্যানভর্তি সার নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তাঁদের।
কৃষকদের দাবি, সুষ্ঠু তদারকির মাধ্যমে সার বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত কৃষকেরা তাঁদের চাহিদা অনুযায়ী সার পান।
এ বিষয়ে উপজেলা কৃষিবিদ সবুজ আলী বলেন, সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় এবং ডিলাররা নিয়মতান্ত্রিকভাবে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে ।