কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা-দক্ষিণ অঞ্চলের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, গণিত অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব, অধ্যাপক ড. মো. গোলাম মুর্তজা তালুকদার এবং প্রভাষক শহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগরীসহ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীসহ কয়েকটি জেলা নিয়ে গঠিত ঢাকা-দক্ষিণ অঞ্চলের এ প্রতিযোগিতায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টির বেশি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবেন। ইতোমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৫০টির বেশি আবেদন জমা পড়েছে।
অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
আয়োজকরা জানান, প্রতিযোগিতা শেষে প্রতিটি অঞ্চল থেকে সেরা ১০ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হবে। পরবর্তী সময়ে তাঁদের মধ্য থেকে যোগ্য প্রতিযোগীদের আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এমন আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের গণিতপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক জ্ঞান বিনিময়, গণিতচর্চা এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটবে।