দেশ ও প্রবাসে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের লন্ডনে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতিসন্তান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর।
সোমবার (২ নভেম্বর) লন্ডনের রমফোর্ডের মেফেয়ার হলে আয়োজিত বর্ণাঢ্য চট্টগ্রাম উৎসব ২০২৬ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সমাজসেবক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চন্দনাইশের সংসদ সদস্য জসীম উদ্দিন, পটিয়ার সংসদ সদস্য এনামুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা।
মোহাম্মদ আলমগীর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলের হাটের বিজয়নগর এলাকার মরহুম বদিউল আলমের সন্তান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি দেশ ও প্রবাসে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন তিনি। নিজ এলাকার মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন দানশীল ও সমাজসেবক হিসেবে পরিচিত।
প্রবাসে অবস্থান করেও দেশের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ততা তাঁকে বিশেষভাবে পরিচিত করেছে। তাঁর এ সম্মাননা অর্জন পরিবারের সদস্যদের পাশাপাশি পুরো রাঙ্গুনিয়াবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়।
এ অর্জনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নিজ জন্মভূমি রাঙ্গুনিয়ার মানুষের মধ্যেও আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, প্রবাসে প্রতিষ্ঠিত এমন কৃতী ব্যক্তিদের অর্জন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি নতুন প্রজন্মকেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।
রাঙ্গুনিয়াবাসীর প্রত্যাশা, মোহাম্মদ আলমগীর ভবিষ্যতেও তাঁর অভিজ্ঞতা, সামর্থ্য ও মানবিক উদ্যোগের মাধ্যমে দেশ, সমাজ এবং নিজ এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।