প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দান উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়া জ্ঞানশ্রী শিশু নিকেতন আশ্রমে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে গুইমারা ইউনিয়নের দেওয়ানপাড়া জ্ঞানশ্রী শিশু নিকেতন আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন পিএসসি ভান্তেদের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি, কেয়াংয়ের ভান্তে, এসএন আবাসিক হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় ও শিশুসদনের শিক্ষক-শিক্ষিকারা।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
kalprakash.com/IM