‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা-রহমান তাপাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।
শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা সমবায় কর্মকর্তা জিল্লুর রহমান, পলাশবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা এবং সফল উদ্যোক্তা জাকিরুল ইসলাম, সাদিনা বেগম ও সাধনা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব সমিতির ১৩ জন সদস্যের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।