পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দীর্ঘ ৫২ বছর ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাসজমিতে উৎপাদিত ফসল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা সুপারি প্রকাশ্য নিলামে বিক্রি করে পাওয়া ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার ১ নম্বর পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে মৃত বলেশ্বর নদের পাশে জেগে ওঠা প্রায় ১০০ একর জমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। স্বাধীনতার পর ১৯৭২ ও ১৯৭৩ সালে সরকার ওই জমি থেকে বিভিন্ন এলাকার ১৩০টি পরিবারকে ৫৬ একর জমি স্থায়ী বন্দোবস্ত দেয়। তবে বন্দোবস্তপ্রাপ্ত পরিবারগুলোর বাড়িঘর দূরে হওয়ায় এবং জমির সামনে নতুন চর জেগে ওঠার সুযোগে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জমিটি নিজেদের দখলে রেখে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিলেন। পরবর্তী সময়ে সেখানে কলাবাগান ও সুপারির বাগান গড়ে তোলা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ওই জমি থেকে সুপারি সংগ্রহ করতে গেলে অবৈধ দখলদারদের বাধা ও হামলার মুখে পড়ে প্রশাসনিক দল। এ ঘটনার পর গত শনিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেলের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পুনরায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি জমিতে উৎপাদিত সুপারি সংগ্রহ করা হয়। পরে তা প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। নিলাম থেকে পাওয়া মোট ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, দড়িচর গাজীপুর গ্রামে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ১০০ একর জমি ৫২ বছর ধরে অবৈধ দখলে ছিল। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। গত শনিবার সেখানে পুনরায় অভিযান চালিয়ে সরকারি সম্পত্তিতে উৎপাদিত সুপারি উদ্ধার করা হয়েছে। পরে প্রকাশ্য নিলামের মাধ্যমে তা বিক্রি করে পাওয়া ১ লাখ ৪২ হাজার টাকা সম্পূর্ণ নিয়ম মেনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।