আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও জাতীয় অ্যাথলেটিক্স কোচ মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি। সেনেগালের রাজধানী ডাকার শহরে অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার হিসেবে তাঁকে মনোনীত করা হয়েছে।
আগামী ৪ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় অংশ নিতে ৩ নভেম্বর সেনেগালের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর। আন্তর্জাতিক এই ক্রীড়া আসরে বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়ায় যবিপ্রবি পরিবার ও দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।
এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কাফি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা, উৎসাহ ও অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানান তিনি।
এ বিষয়ে মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি বলেন, যুব অলিম্পিক গেমসের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের প্রতিনিধিত্ব করা তাঁর জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে যবিপ্রবির উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের উৎসাহ, দোয়া ও সহযোগিতা তাঁকে দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম তুলে ধরতে অনুপ্রাণিত করছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি দেশের অ্যাথলেটিক্স অঙ্গনের একজন অভিজ্ঞ কোচ। এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার যুব অলিম্পিকে তাঁর এই মনোনয়ন দেশের তরুণ অ্যাথলেটদের আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তাঁর এ অর্জনে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যবিপ্রবির পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের।