‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও যুবঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় যুব সংগঠকেরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদের ময়নাকাটা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দীন আহমাদ হানজালার। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুবকদের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবকরাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। বেকার না থেকে সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে যুবকদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, যুবক-যুবতীরা তাঁদের কর্মদক্ষতার মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক যুবক-যুবতীকে দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনজন সফল উদ্যোক্তার হাতে মোট ১ লাখ টাকার যুবঋণের চেক তুলে দেওয়া হয়।