তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আগাম প্রচার-প্রচারণার বিষয়ে সতর্ক করে তিনি বলেছেন, দলীয় কর্মকাণ্ডে যেন কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক সাংগঠনিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় তৃণমূল নেতাকর্মীরা তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময়কালে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে কেউ বিশেষ সুবিধা বা আর্থিক লেনদেনের চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দলীয় পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে তাঁর নাম ও বিস্তারিত তথ্য জানানোর আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টায় শহীদ জিয়া কলেজ মাঠে ফাগুয়াড়দিয়া ও দয়ারামপুর ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোকমানপুর হাইস্কুল মাঠে পাঁকা ইউনিয়ন ও বাগাতিপাড়া পৌরসভার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে তমালতলা বাজারে জামনগর ও বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামালসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশা শোনার পাশাপাশি সাংগঠনিক ঐক্য, দলীয় শৃঙ্খলা এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।