রাষ্ট্রীয়ভাবে সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এ উদ্যোগ নিয়েছে তেহরান। প্রশিক্ষিতরা পরবর্তী সময়ে জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।
আজ রোববার (৪ অক্টোবর) থেকে ‘জানফিদা’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী তেহরানের তিনটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জানফিদা শব্দের অর্থ নিজের জীবন কোরবানি দেওয়া বা আত্মোৎসর্গ করা।
দেশটির সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষার উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আরিয়ান-নাজাদ বলেছেন, সেনাবাহিনীর চারটি ইউনিটের সেনারা এ প্রশিক্ষণ পরিচালনা করবেন। তিনি জানিয়েছেন, প্রথমে একদমই সাধারণ প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর দেওয়া হবে আরও উন্নত প্রশিক্ষণ।
ইরান এর আগে জানিয়েছিল, তারা জানফিদার অন্তত এক হাজার ব্যাটালিয়ন তৈরি করতে চায়, যারা সংকটময় সময়ে দেশের জন্য ঝাঁপিয়ে পড়বে।
ইসলামিক বিপ্লবী গার্ড ও আধাসামরিক বাহিনী বাসিজের সঙ্গে এই সামরিক প্রশিক্ষণের সংশ্লিষ্টতা আছে। গত সেপ্টেম্বরে বাসিজের তত্ত্বাবধানে তেহরানে জানফিদার একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়। সেখানে সাধারণ মানুষকে সামরিক প্রস্তুতি, স্থানীয় নিরাপত্তা, নজরদারি, উদ্ধার অভিযান ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
নিজেদের সামরিক সক্ষমতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও দেশটির কিছু মানুষ প্রশ্ন তুলেছেন, কারা এসব প্রশিক্ষণে অংশ নিচ্ছেন এবং এই প্রশিক্ষণের মাধ্যমে একটি সহায়ক সামরিক কাঠামো তৈরি করা হচ্ছে কি না।
সূত্র: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি
kalprakash.com/IM