সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২১:১৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

তেল সোডা ডিটারজেন্টে তৈরি হচ্ছে দুধ!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৪১
শেয়ার: mail
তেল সোডা ডিটারজেন্টে তৈরি হচ্ছে দুধ!

পাবনায় বিষফোড়ার মতো গজিয়েছে দুগ্ধ খামার। পাড়া-মহল্লা ও বাড়িতে বাড়িতে ডেইরি ফার্ম। কিন্তু অধিকাংশের বাড়িতে গরুই নেই। তারাই আবার নিয়মিত মণকে মণ দুধ সরবরাহ করছে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের চিলিং সেন্টারে। সয়াবিন তেল, গ্লুকোজ, স্যাকারিন, ইউরিয়া সার, ডিটারজেন্ট পাউডার, কস্টিক সোডাসহ বিভিন্ন রাসায়নিকে তৈরি হচ্ছে এই তরল। বাহারি মোড়কে তা পৌঁছে যাচ্ছে শিশু, রোগীসহ বিভিন্ন মানুষের পাতে। আবার কিছু অসাধু কারবারি বাজার থেকে দুধ কিনে আলাদা করেন ছানা বা ক্রিম। এরপর অবশিষ্ট সাদা পানি ফেলে না দিয়ে রাসায়নিক মিশিয়ে তৈরি করছেন নকল দুধ।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুরেই নামে-বেনামে গড়ে উঠেছে দুই শতাধিক চিলিং সেন্টার (মান যাচাই ও প্রাথমিক সংরক্ষণাগার)। এর মধ্যে ৯২টি বিভিন্ন স্বনামধন্য কোম্পানির এবং বাকিগুলো ব্যক্তিমালিকানাধীন। এ ছাড়া সাঁথিয়া, বাঘাবাড়ী ও বেড়া উপজেলায়ও রয়েছে অসংখ্য চিলিং সেন্টার। এই বিস্তৃত অঞ্চল বাঘাবাড়ী ঘাটকেন্দ্রিক দেশের দুধ উৎপাদন, সংগ্রহ ও বাজারজাতকরণ ব্যবস্থার প্রধান কেন্দ্র।

পাবনার বেড়া, সাঁথিয়া, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার অর্ধশতাধিক গ্রামে দীর্ঘদিন ধরে গোপনে ও প্রকাশ্যে চলছে ভেজাল দুধ তৈরির কারখানা। ভোর থেকে সকাল ৯টা এবং সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এসব কর্মকাণ্ড।

ধবধবে সাদা রং, প্রত্যাশিত ঘনত্ব, চর্বির মাত্রাও সামঞ্জস্যপূর্ণ; সাদা চোখে মনে হবে গাভীর খাঁটি দুধ। অথচ দুধ হিসেবে বিক্রি হওয়া এই ঘন রাসায়নিকমিশ্রিত সাদা তরলকে এককথায় বিষ বললে ভুল হবে না। তা দেদার বিক্রি হচ্ছে দেশের নামিদামি দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর চিলিং সেন্টারে, অনুমোদনহীন দুগ্ধ সরবরাহকারী প্রতিষ্ঠানে ও স্থানীয় হাটবাজারে। প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে এই প্রতারকদের শাস্তি দিলেও তা মুনাফার তুলনায় নগণ্য।

ভেজাল কারবারিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি ৪০ লিটার ননিবিহীন সাদা পানিতে (মূল্যহীন তরল) মাত্র ৪৫০ টাকার রাসায়নিক মেশালেই তা রূপ নেয় উচ্চ ফ্যাটযুক্ত দুধে। পরে বাজারে সেই নকল দুধ বিক্রি হয় প্রায় ২ হাজার ২০০ টাকায়। অর্থাৎ প্রতি ৪০ লিটারে মুনাফা হয় প্রায় ১ হাজার ৭৫০ টাকা। এভাবে দৈনিক মণকে মণ নকল দুধ তৈরি করে মাসে আয় হয় লাখ লাখ টাকা। অন্যদিকে কোনো কারণে বছরে একবার ধরা পড়লেও সর্বোচ্চ শাস্তি লাখ টাকা জরিমানা, যা তাদের গায়ে লাগে না।

নকল দুধ তৈরি ও চিলিং সেন্টারে সরবরাহের প্রক্রিয়া জানতে চাইলে মুখ খুলতে নারাজ কারবারিরা। তবে নাম প্রকাশ না করার প্রতিশ্রুতি দিলে তাঁরা বলেন, ঘরে বসেই অনলাইনে অর্ডার দিলে বা ফোনে কথা বলে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে কেনা যায় এসব রাসায়নিক পদার্থ। কুরিয়ার সরবরাহকারীর মাধ্যমে তা পৌঁছে যায় কারখানায়। এরপর সেই কৃত্রিম দুধ বিক্রিতে একটু সমস্যা হয়। তবে ৫০০ টাকা ঘুষ দিলেই খুলে যায় চিলিং সেন্টারের দরজা। দাম কম হওয়ায় জেনে-বুঝেই এই ক্ষতিকর তরল কিনছেন বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের স্থানীয় সংগ্রাহকেরা।

পাবনায় শাস্তি পাওয়া অবৈধ কারবারি

গত ২৮ সেপ্টেম্বর বেড়ার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতিকে ১ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন, যা তাঁদের জীবনে প্রথম। এর আগে ৬ সেপ্টেম্বর সাঁথিয়ার নাগডেমড়া এলাকায় জুঁই ডেইরি ফার্মের মালিককে বিভিন্ন কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফরিদপুরের কেয়া ডেইরি, আমিনা ডেইরি, প্রিমিয়াম ফুড, বেড়ার জয়দেব ঘোষ ও ভাঙ্গুড়ার সিংগাড়ি গ্রামের আশরাফুল আলীকে শাস্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেড়ার নাকালিয়া ও পেচাকোলা বাজারে ১২ বছর ধরে ভেজাল দুধ তৈরি করে ২ লাখ টাকা জরিমানা গুনেছেন জয়দেব ঘোষ।

ভেজাল কারবারিদের দৌরাত্ম্যে বিপাকে পড়েছেন প্রকৃত খামারিরা। খাঁটি দুধের দাম বেশি হওয়ায় এবং ঘুষ না দেওয়ায় সেগুলো কিনতে চায় না চিলিং সেন্টারগুলো। এমনকি মধ্যস্বত্বভোগীদের একটি সিন্ডিকেট আছে, যারা চিলিং সেন্টারে দুধ সংগ্রহ করে দেয়। তারা কমিশন না পেয়ে প্রকৃত খামারিদের কোণঠাসা করে রাখে।

বাওইখোলা গ্রামের দুগ্ধ খামারি আশরাফুল ইসলাম আক্ষেপ করে বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা নকল দুধ তৈরি করে কম দামে বিক্রি করছেন। এতে নষ্ট হচ্ছে খামারিদের দুধের বাজার। ৫০-৫৫ টাকা লিটারে দুধ বিক্রি করে আমাদের উৎপাদন খরচও উঠছে না। নিঃস্ব হয়ে যাচ্ছেন প্রকৃত খামারিরা। প্রশাসন দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এই অঞ্চলের দুগ্ধশিল্প।’

প্রাণিসম্পদ বিভাগ ও দুগ্ধ উৎপাদনকারী প্রান্তিক খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে প্রতিদিন সাড়ে চার লাখ লিটার দুধের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন সাড়ে তিন লাখ লিটার। এর মধ্যে ১ লাখ ২০ হাজার লিটার থেকে দেড় লাখ লিটার মিল্ক ভিটা, পৌনে দুই লাখ লিটার আফতাব, আকিজ, প্রাণ, ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, ৫০ থেকে ৫৫ হাজার লিটার পাইকার (ঘোষ), ১৫ হাজার লিটার দুই শতাধিক মিষ্টির দোকান এবং প্রায় ১০ হাজার লিটার হাটবাজারে স্থানীয় ক্রেতারা কেনেন। এ হিসাবে প্রতিদিন দুধের ঘাটতি ৫৫ থেকে ৬০ হাজার লিটার। নকল দুধ তৈরি করে এই ঘাটতি পূরণ করেন অসাধু কারবারিরা।

চাটমোহরের রামনগর গ্রামের ডেইরি খামারি শাকিল হোসেন বলেন, পাবনা ও সিরাজগঞ্জের শতাধিক কারখানায় প্রতিদিন প্রায় ৫৬ হাজার লিটার দুধের ছানা তৈরি করেন ঘোষ ও ব্যবসায়ীরা। ওই পরিমাণ দুধ থেকে ছানা ও ফ্যাট আলাদা করার পর ৪০ হাজার ৬০০ লিটার পর্যন্ত সাদা পানি পাওয়া যায়। এই পানি ফেলে না দিয়ে রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয় নকল দুধ।

তিনি আরও বলেন, ‘যাঁরা ছানা বা ঘি তৈরি করেন, তাঁরা তো কখনোই নকল বা ভেজাল দুধ কিনবেন না। এ ছাড়া মিষ্টির দোকানগুলোতে ভেজাল দুধ নেওয়ার সুযোগ নেই। তাহলে হাজার হাজার লিটার নকল ও ভেজাল দুধ কোথায় যায়? ঘোষ ও ব্যবসায়ীদের কাছ থেকে এই নকল দুধ সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পাঠিয়ে দেন বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তারা। সেখানে আসল ও নকল দুধ মিলিয়ে করা হয় প্যাকেজিং।’

সাঁথিয়ার স্থানীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আবদুল লতিফ দাবি করেন, প্রকৃত খামারিরা কখনোই দুধে ভেজাল মেশান না। অতিরিক্ত লাভের আশায় ভেজাল দুধ সরবরাহ করে কিছু অসাধু মধ্যস্বত্বভোগী। চিলিং সেন্টারগুলোতে মান যাচাই না করায় এই সুযোগ তৈরি হয়েছে।

প্রাণ ডেইরির ব্যবস্থাপক (অ্যাডমিন) সৈকত শেখ দাবি করেন, প্রাণ শতভাগ স্বচ্ছতা বজায় রেখে ডিজিটাল সফটওয়্যার ও এলএস মেশিনের মাধ্যমে ১৩-১৪টি ধাপে কড়া পরীক্ষা (এসওপি) চালিয়ে দুধ সংগ্রহ করে। মানদণ্ডে না টিকলে বা সামান্যতম ভেজাল ধরা পড়লে দুধ প্রত্যাখ্যান করা হয়। এমনকি পরীক্ষায় ভেজাল ধরা পড়ার পর দুধ গ্রহণ না করায় গত এক বছরে অসাধু চক্রের হামলায় চিলিং সেন্টারের চার-পাঁচ কর্মী আহত হয়েছেন। তবে শুধু একটি প্রতিষ্ঠান কড়াকড়ি করে এই অপরাধ থামানো সম্ভব নয়। নকল দুধ তৈরির ক্ষতিকর রাসায়নিক বিপণন ও পরিবহন নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সব দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানের জন্য অভিন্ন ফিক্সড এসওপি বাধ্যতামূলক করতে হবে।

মিল্ক ভিটার অতিরিক্ত মহাব্যবস্থাপক ডা. সাইদুল ইসলাম বলেন, মিল্ক ভিটার চিলিং সেন্টারগুলোতে দুধ সংগ্রহের সময় প্রতিটি নমুনায় ফ্যাট, এসএনএফ এবং ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি আধুনিক প্রযুক্তিতে ল্যাব পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনো দুধে ভেজাল বা রাসায়নিকের উপস্থিতি ধরা পড়লে তা তাৎক্ষণিকভাবে বাতিল ও ধ্বংস করা হয়। কিছু অসাধু ফড়িয়া চক্রের কারণে এই অঞ্চলের দুগ্ধ খাতের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবির বলেন, ‘প্রাকৃতিক দুধে উপাদানগুলোর স্বাভাবিক ভারসাম্য থাকে। কৃত্রিমভাবে চর্বির মাত্রা নকল করা সম্ভব হলেও এর আসল গঠন ও পুষ্টিমান নকল করা অসম্ভব। প্রাথমিক পরীক্ষায় এই ভেজাল ধরা কঠিন, এর জন্য স্বীকৃত পরীক্ষাগারে সুনির্দিষ্ট রাসায়নিক পরীক্ষা প্রয়োজন। দুধে পানি, ইউরিয়া, ক্ষার বা ফর্মালডিহাইডের উপস্থিতি নির্ণয়ে আলাদা পরীক্ষার প্রয়োজন। মান যাচাইয়ে জরুরি পদক্ষেপ না নিলে মারাত্মক গণস্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।’

পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ভেজাল ও নকল দুধের স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে বলেন, ‘পাবনায় ভেজাল দুধের কারবার মহামারি আকার ধারণ করেছে। ভোজ্য তেল, ডিটারজেন্ট ও কস্টিক সোডা মিশিয়ে তৈরি করা রাসায়নিকযুক্ত দুধ মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে শিশু ও রোগীদের ক্ষেত্রে এটি অঙ্গহানি বা কিডনি-লিভারের দীর্ঘমেয়াদি জটিল রোগের কারণ হতে পারে।’

জেলা প্রশাসক আমিনুল ইসলাম আক্ষেপ করে বলেন, ভেজাল দুধ প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে। তবে দুধে মেশানো রাসায়নিক শনাক্তে আধুনিক ল্যাব প্রয়োজন, যা পাবনায় নেই। রাজশাহী থেকে ভ্রাম্যমাণ ল্যাব আসে মাসে মাত্র একবার। জেলায় একটি স্থায়ী ল্যাব স্থাপনের চেষ্টা চলছে। সেটি করা গেলে এই ভেজাল কারবার অনেকাংশেই রোধ করা সম্ভব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তেল সোডা ডিটারজেন্টে তৈরি হচ্ছে দুধ!

বিস্তারিত কমেন্টে