বাগেরহাট জেলা কারাগারে সকালে খাবার খাওয়ার সময় গলায় আটকে অসুস্থ হয়ে পড়েন চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতি। পরে কারারক্ষীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২ অক্টোবর) বাগেরহাট জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
কারাগার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, খাবার খাওয়ার একপর্যায়ে চাঁন মিয়ার গলায় খাবার আটকে যায়। পরিস্থিতি বুঝতে পেরে কারারক্ষীরা তাঁকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান।
মৃত চাঁন মিয়া ফকির মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে আটক ছিলেন। তাঁর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওই হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।
জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামালও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
চাঁন মিয়া ফকিরের মরদেহ বর্তমানে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে রয়েছে।
kalprakash.com/IM