যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফল প্রকাশিত হয়েছে। এতে বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে পূর্বে অকৃতকার্য থাকা ৩৮০ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে।
বোর্ডের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পুনঃনিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে ব্যাপক পরিবর্তন এসেছে। অকৃতকার্য থেকে পাস করার পাশাপাশি বহু পরীক্ষার্থী উচ্চতর গ্রেড ও জিপিএ-৫ অর্জন করেছে।
গ্রেডভিত্তিক পরিবর্তনের তথ্যে দেখা যায়, এ মাইনাস থেকে এ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন পরীক্ষার্থী। এছাড়া বি থেকে এ গ্রেড পেয়েছেন ১২ জন, বি থেকে এ মাইনাস পেয়েছেন ১৫০ জন, সি থেকে সরাসরি এ গ্রেড পেয়েছেন ১ জন, সি থেকে এ মাইনাস পেয়েছেন ১ জন এবং সি থেকে বি গ্রেডে উন্নীত হয়েছেন ৬৫ জন পরীক্ষার্থী। এমনকি ডি গ্রেড থেকে লাফিয়ে এ মাইনাস পেয়েছেন ১ জন এবং ডি থেকে সি গ্রেড পেয়েছেন ১৪ জন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, শিক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। এ সময় নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখনসংক্রান্ত কোনো ভুলত্রুটি থাকলে তা বিধিমোতাবেক সংশোধন করা হয়েছে।
পুনঃনিরীক্ষণ শেষে প্রস্তুত করা সংশোধিত ফলাফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।
kalprakash.com/IM