পারস্য উপসাগরে নিজেদের অবস্থান সুদৃঢ় থাকার কথা পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্রকে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মার্কিন সেনাদের উদ্দেশে বলেছেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই অবশিষ্ট সেনা ও সামরিক সরঞ্জাম গুটিয়ে নিজ দেশে ফিরে যান।
ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইব্রাহিম আজিজি দাবি করেন, ইরানের নৌবাহিনীর সাহসী যোদ্ধারা আবারও প্রমাণ করেছে যে পারস্য উপসাগর চিরকাল পারস্য উপসাগর হিসেবেই থাকবে। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন সেনাদের প্রতি সরাসরি বার্তা দিয়ে আজিজি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই নিজেদের অবশিষ্ট সদস্য ও সামরিক সরঞ্জাম রক্ষা করে নিজ দেশের মাটিতে ফিরে যাওয়াই যুক্তরাষ্ট্রের জন্য বুদ্ধিমানের কাজ হবে। এতে অন্তত নিজেদের দেশের সীমান্ত নিরাপত্তায় মনোযোগ দেওয়ার সুযোগ থাকবে তাদের।
পারস্য উপসাগরকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটেই শীর্ষ এই ইরানি সংসদীয় কর্মকর্তা এমন কঠোর বার্তা দিলেন।
kalprakash.com/IM