অধিকৃত পশ্চিম তীরে প্রায় চার দশক আগে ঘোষিত তথাকথিত ‘স্টেট ল্যান্ড’ বা রাষ্ট্রীয় জমির সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর ফলে ফিলিস্তিনের জালুদ ও আল-মুঘাইয়ির গ্রামের নিকটবর্তী প্রায় ৪৪ একর ব্যক্তিগত ও কৃষি জমি নতুন করে ওই রাষ্ট্রীয় ঘোষণার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলের ‘ব্লু লাইন টিম’ ১৯৮৪ সালে জারি করা ‘স্টেট ল্যান্ড’ ঘোষণার সীমানা সংশোধন করে নতুন করে ১৯৩ দশমিক ৯৩ দুনাম জমি অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। একই সময়ে আগের সীমানা থেকে ১৫ দশমিক ০৭ দুনাম জমি বাদ দেওয়া হয়েছে এবং ১ হাজার ৪৩৩ দশমিক ৮৫ দুনাম জমির পূর্ববর্তী অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে নিট হিসাবে প্রায় ১৭৯ দুনাম (প্রায় ৪৪ একর) ফিলিস্তিনি ভূমি নতুন করে ইসরায়েলি রাষ্ট্রীয় খাসজমির আওতায় চলে গেছে।
ফিলিস্তিনি কমিশন উল্লেখ করেছে, এই সীমানা পুনর্নির্ধারণের ফলে তাৎক্ষণিকভাবে কোনো অবৈধ ইহুদি বসতির ভৌগোলিক সীমানা বা নিরাপত্তা বলয় সরাসরি সম্প্রসারিত হচ্ছে না। তবে নতুনভাবে অন্তর্ভুক্ত এই ভূখণ্ডগুলো ভবিষ্যতে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং বরাদ্দকরণের জন্য উন্মুক্ত হয়ে যাবে। মূলত দীর্ঘমেয়াদি দখলদারত্ব জোরদার করতেই ইসরায়েল এমন কৌশলী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
kalprakash.com/IM