পারিবারিক ঐতিহ্য ও রক্ষণশীল পরিবেশকে ছাপিয়ে রাজনীতিতে আসা সহজ ছিল না। তবে রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং অভিভাবকতুল্য নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রতি গভীর আনুগত্যে সব প্রতিকূলতা অতিক্রম করেছেন পিরোজপুরের পরিচিত রাজনৈতিক মুখ ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ। ছাত্রদল থেকে শুরু করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিটি পদক্ষেপে তিনি রাজপথের সক্রিয় ও একনিষ্ঠ পদচারণার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জালিস মাহমুদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অন্যতম প্রত্যক্ষদর্শী সাংবাদিক নকিব নাসরুল্লাহ। রাজনৈতিক চরম প্রতিকূলতা ও পুলিশি হয়রানির দিনগুলোতে জালিস মাহমুদ এবং তাঁর রাজনৈতিক সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।
জানা যায়, সাংবাদিক নকিব নাসরুল্লাহ যখন পেশাগত কারণে পিরোজপুর শহরে ভাড়া বাসায় থাকতেন, তখন রাজনৈতিক মামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে বহুবার তাঁর বাসায় আত্মগোপন করেছিলেন সাবেক এই স্বেচ্ছাসেবক দল নেতা। শুধু নিজের নিরাপত্তা নিশ্চিত করাই নয়, দলীয় কর্মীদের সুরক্ষিত রাখতেও তিনি সেখানে আশ্রয়ের ব্যবস্থা করতেন। চরম ঝুঁকির মধ্যেও সেখান থেকে গোপনে সাংগঠনিক যোগাযোগ রক্ষা, দলীয় কার্যক্রম পরিচালনা এবং রাজপথের কর্মসূচি বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করতেন জালিস মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা।
স্মৃতিচারণা করে সাংবাদিক নকিব নাসরুল্লাহ বলেন, পারিবারিক ঐতিহ্যের কারণে মামলা-মোকদ্দমা বা পুলিশের ঝামেলায় জড়ানোকে তাদের পরিবারে ভিন্ন চোখে দেখা হতো। তবে জালিস মাহমুদ ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। জীবনের ঝুঁকি উপেক্ষা করে তিনি অধ্যক্ষ আলমগীর হোসেনের আদর্শকে ধারণ করেছেন এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন। পিরোজপুরে অবস্থানকালে চরম প্রতিকূল সময়ে তিনি তাঁর বাসায় অবস্থান নিয়েছেন, কিন্তু কখনোই নিজের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। চরম বিপদের দিনেও দল ও সহকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা ছিল দৃষ্টান্তমূলক।
স্থানীয় রাজনীতিতে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের অত্যন্ত বিশ্বস্ত ও অনুগত সহযোদ্ধা হিসেবে পরিচিত সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ তৃণমূল পর্যায়েও বেশ সমাদৃত। সহকর্মীদের মতে, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক একাগ্রতা ও ত্যাগের কারণেই কঠিন সময়েও তিনি মাঠপর্যায়ে জাতীয়তাবাদী আদর্শের অবস্থান সুসংহত রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
kalprakash.com/IM