টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে হানিফ খান (৩৭) নামের সাময়িক বরখাস্ত এক আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার হাবলা উত্তর পাড়ার বাসিন্দা মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।
মঙ্গলবার রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বিলপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন হানিফ খান। পথে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপসহকারী পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর জখম অবস্থায় হানিফকে হাসপাতালে নিয়ে আসার পরপরই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি পদক্ষেপ নেওয়ার কার্যক্রম চলছে।
kalprakash.com/IM