সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও কখনো টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
নিজেদের হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মাঠ ব্যবহার করে থাকে আফগানিস্তান। সেই ধারাবাহিকতায় আগামী ৯ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। এর মধ্য দিয়ে মরুর দেশে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ দল।
টেস্ট ম্যাচ শেষে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে লড়বে টাইগাররা। গ্রুপ পর্বে দলগুলো একে অপরের বিরুদ্ধে একবার করে খেলার পর শীর্ষ দুই দল নিয়ে আগামী ২৩ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিরিজের আয়োজন নিয়ে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান এক বিবৃতিতে বলেন, ‘আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সূচি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। বিভিন্ন সংস্করণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের মূল্যবান প্রতিযোগিতামূলক সুযোগ দেবে এবং সমর্থকদের জন্য রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেবে।’
আমিরাতের মাটিতে প্রথমবার টেস্ট খেলা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘টেস্ট ম্যাচ এবং ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দেশের ক্রিকেট ভক্তদের জন্য দারুণ এক মুহূর্ত উপহার দেবে। টেস্ট ক্রিকেটকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই এবং আরব আমিরাতে লাল বলের ক্রিকেটের নতুন অভিজ্ঞতা আমাদের ক্রিকেটাররা প্রথমবার পাবে। এই কন্ডিশনে আফগানিস্তান বরাবরই শক্তিশালী দল। এই সফর ও ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে।’
kalprakash.com/IM