সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা প্রদান নিয়ে জরুরি বার্তা দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের আবেদনের তথ্য যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকরণের কারণে ই-পাসপোর্ট হাতে পেতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সার্বিক এই পরিস্থিতি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে প্রবাসীদের মধ্যে ই-পাসপোর্টের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে প্রতি মাসে গড়ে প্রায় ১১ হাজার পাসপোর্টের বায়োমেট্রিক বা এনরোলমেন্ট সম্পাদন করা হতো, সেখানে দূতাবাসের বিশেষ উদ্যোগে বিগত দেড় মাসে ৬৫ হাজারের বেশি আবেদনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।
হালনাগাদ তথ্যানুযায়ী, সংগৃহীত আবেদনগুলোর মধ্যে ইতোমধ্যে ১৫ হাজার ৪৩৪টি প্রস্তুতকৃত পাসপোর্ট আবেদনকারীদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে মুদ্রণ (প্রিন্টিং) পর্যায়ে রয়েছে এবং ২১ হাজার ৬৭৮টি আবেদনের আঙুলের ছাপ গ্রহণ-পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি দাম্মাম অঞ্চলে পরিচালিত ৯ দিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্পে আরও ১৫ হাজার ২০০টি আবেদনের বায়োমেট্রিক গ্রহণের কাজ চলছে।
পাসপোর্ট সরবরাহে বিলম্বের কারণ হিসেবে দূতাবাস জানিয়েছে, অনেক আবেদনে ভুল তথ্য প্রদান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা অনলাইন জন্মনিবন্ধনের তথ্যের সঙ্গে অমিল এবং একই ব্যক্তির একাধিক পাসপোর্ট থাকার মতো জটিলতা ধরা পড়ছে। এসব প্রশাসনিক ও প্রযুক্তিগত ত্রুটি নিবিড়ভাবে যাচাই-বাছাই করতে গিয়ে পুরো প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে প্রবাসী নাগরিকদের ধৈর্য ধারণ করার বিশেষ অনুরোধ জানিয়েছে রিয়াদ দূতাবাস। একই সঙ্গে পাসপোর্ট বিতরণ সেবা আরও দ্রুত ও সহজতর করতে দূতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও আশ্বস্ত করা হয়।
kalprakash.com/IM