মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং স্থানীয় আইন মেনে চলার ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক পরামর্শ দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
শনিবার (২৯ আগস্ট) হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য করণীয় ও বর্জনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
করণীয় বিষয়: হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের মালয়েশিয়ার প্রচলিত আইন ও বিধিবিধান, কর্মস্থলের অভ্যন্তরীণ নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে। একই সঙ্গে স্থানীয় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা আবশ্যক। সামাজিক যোগাযোগমাধ্যম মূলত পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের মাধ্যম হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে হবে। কর্মস্থল বা নিয়োগকর্তা সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও শেয়ারের পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামাজিক মাধ্যম নীতি অনুসরণ করতে হবে। এ ছাড়া অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা, প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকা এবং যেকোনো তথ্য প্রচারের পূর্বে তার সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্জনীয় বিষয়: হাইকমিশনের বিজ্ঞপ্তিতে সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার করা থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা দণ্ডনীয়। বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন কিংবা ইরান-ইসরায়েল সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক স্পর্শকাতর ইস্যুতে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন কোনো উসকানিমূলক পোস্ট শেয়ার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশটিতে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংস্থা বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত সংরক্ষিত এলাকার ছবি বা ভিডিও প্রকাশ করা এবং নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মতো ব্যক্তিগত গোপনীয় তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন ও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সমস্যা হলো প্রতারণামূলক নিয়োগপ্রক্রিয়া ও ভিসার মেয়াদসংক্রান্ত জটিলতা। সম্প্রতি দেশটিতে কাগজপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আটকের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আইনি জটিলতা এড়াতে প্রবাসীদের এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।
kalprakash.com/IM