বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২২:১৬

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি কার্যকরে ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:০০
শেয়ার: mail
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি কার্যকরে ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসাপ্রত্যাশী দক্ষ কর্মীদের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এসেছে ট্রাম্প প্রশাসন। নতুন এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারেরও বেশি নজিরবিহীন ফি কার্যকর করার প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত বছর প্রথম এ ফি আরোপ করা হলেও আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায়।

তবে সোমবার (২৪ আগস্ট) এক প্রস্তাবিত বিধিমালার মাধ্যমে নতুন করে ওই ফি কার্যকরের প্রবিধান প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এতে করে দেশটিতে কাজের সুযোগপ্রত্যাশী বিদেশি কর্মীদের বড় ধরনের ভোগান্তিতে পড়তে হতে পারে।

ট্রাম্পের জারি করা গত বছরের এক জরুরি ঘোষণায় এ ফি প্রথম আরোপ করা হয়েছিল; যা প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা খাতে ব্যাপকভাবে ব্যবহৃত ভিসার খরচ বহুগুণ বাড়িয়ে দেয়।

গত জুন মাসে এক মার্কিন বিচারক এই ফি বেআইনি ঘোষণা করেন এবং ট্রাম্প প্রশাসনকে তা আদায়ে নিষেধাজ্ঞা দেন। বোস্টনের একটি আপিল আদালত বর্তমানে সেই রায় পর্যালোচনা করছেন। পাশাপাশি ওয়াশিংটন ডিসির একজন বিচারক প্রধান একটি ব্যবসায়ী গোষ্ঠীর আইনি চ্যালেঞ্জ যথাযথভাবে খারিজ করেছিলেন কি না, তা নিয়ে অন্য এক আদালতে বিচার চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালে জারি করা ওই আদেশের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার পর আগামী সেপ্টেম্বরে শেষ হতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এটি স্থায়ী বিধিমালায় রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) প্রস্তাবিত ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলারের এই সংক্রান্ত নিয়ম সোমবার ফেডারেল রেজিস্টারের অনলাইনে প্রকাশ করা হয়; যা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে ৩০ দিনের গণপরামর্শ প্রক্রিয়া শুরু হবে। আইনটি চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এইচ-১বি ভিসা কর্মসূচির মাধ্যমে মার্কিন নিয়োগকর্তারা বিশেষ কিছু ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাদারদের কাজের সুযোগ দেন। এই কর্মসূচির আওতায় প্রতি বছর সাধারণ ক্যাটাগরিতে ৬৫ হাজার এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা অনুমোদন দেওয়া হয়। আর এই ভিসার মেয়াদ থাকে সাধারণত তিন থেকে ছয় বছর। ট্রাম্পের আদেশের ফলে এইচ-১বি ভিসার আবেদন খরচ নজিরবিহীনভাবে বেড়ে গেছে, যেখানে পূর্বে এই ভিসার খরচ ছিল সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে।

ভিসা কর্মসূচি নিয়ে বিতর্ক রিপাবলিকান নেতা ট্রাম্প এবং এইচ-১বি ভিসা কর্মসূচির সমালোচকরা দাবি করছেন, অনেক মার্কিন প্রতিষ্ঠান এই ব্যবস্থার অপব্যবহার করে কম বেতনের বিদেশি কর্মী দিয়ে স্থানীয় আমেরিকানদের চাকরিচ্যুত করছে। অন্যদিকে দেশটির বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শীর্ষ প্রতিষ্ঠানগুলো বলছে, কিছু বিশেষায়িত পদে যোগ্য আমেরিকান কর্মী না থাকায় এবং বৈশ্বিক সেরা মেধা আকর্ষণ করতেই এই ভিসা চালু রাখা জরুরি।

আদালতের নথি অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ পর্যন্ত প্রায় ৭০টি প্রতিষ্ঠান মোট ৮৫টি ভিসা আবেদনের বিপরীতে ১ লাখ ডলার করে ফি প্রদান করেছে।

ফি আরোপের ক্ষেত্রে ট্রাম্প মার্কিন স্বার্থের জন্য ক্ষতিকর বিবেচনা করে নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিকের প্রবেশ ঠেকাতে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিশেষ আইনগত ক্ষমতা ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্স, ডেমোক্র্যাট-শাসিত বিভিন্ন অঙ্গরাজ্য এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও নিয়োগকর্তাদের একটি জোট এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।

আইনি জটিলতা ও কমেছে ভিসা আবেদন মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা এইচ-১বি ভিসা তৈরির মূল আইনকে অকার্যকর করার সুযোগ দেয় না। বাদী অঙ্গরাজ্য ও সংগঠনগুলো জানিয়েছে, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এভাবে বাড়তি রাজস্ব আদায়ের জন্য কোনো ফি বা কর আরোপ করতে পারে না। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই ফি কোনো প্রথাগত কর নয় এবং বিদেশি নাগরিকদের দেশে প্রবেশের ওপর প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা পর্যালোচনা করার সুযোগ আদালতের সীমিত।

ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর অবস্থানের বড় প্রভাব পড়েছে ভিসার আবেদনেও। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, গত বছর নিয়োগকর্তারা প্রায় ৩ লাখ ৪৪ হাজার এইচ-১বি ভিসার নিবন্ধন করেছেন; যা ২০২৪ সালের তুলনায় ২৫ শতাংশেরও বেশি কম এবং ২০২৩ সালের (৭ লাখ ৯৪ হাজার) আবেদনের অর্ধেকেরও কম।

এর পাশাপাশি ট্রাম্প প্রশাসন এইচ-১বি আবেদনকারীদের কঠোর ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বেশি বেতন ও উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দিয়ে ভিসা বরাদ্দের নতুন ব্যবস্থার প্রস্তাব করেছে। চলতি আগস্টের শুরুর দিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পৃথক এক বিধিতে এইচ-১বি কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো বা অন্য দেশে থাকা কর্মীদের যুক্তরাষ্ট্রে বদলি করার আবেদনে সাড়ে ৪ হাজার ডলার পর্যন্ত অতিরিক্ত ফি যুক্ত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি কার্যকরে ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

বিস্তারিত কমেন্টে