শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৩২:৫৯

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নিহত নাটোরের রবিউলের দাফন সম্পন্ন

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:১৩
শেয়ার: mail
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নিহত নাটোরের রবিউলের দাফন সম্পন্ন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গার রবিউল ইসলাম হৃদয়ের (২৮) মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জন বাংলাদেশির মরদেহ দেশে এসে পৌঁছায়। তাঁদের মধ্যে রবিউল ইসলামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। বাকিদের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে প্রশাসনের সহায়তায় রবিউলের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নলডাঙ্গার মহিষডাঙ্গায় পৌঁছায়। কফিন বাড়িতে পৌঁছামাত্রই স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে রাত থেকেই শোকাহত স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে শেষবারের মতো একনজর দেখতে বাড়িতে ভিড় জমান। নিহত রবিউল ইসলাম হৃদয় মহিষডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

স্বজনরা জানান, ভাগ্য পরিবর্তনের আশায় ও পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় পাঁচ বছর আগে ধারদেনা করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রবিউল। সেখানে যাওয়ার পর দীর্ঘদিন বৈধ কাগজপত্র না থাকায় নানা প্রতিকূলতার মধ্যে লুকিয়ে কাজ করতে হয়েছিল তাঁকে। প্রায় তিন বছর পর তিনি বৈধ কাগজপত্র পান। গত দেড় বছরে উপার্জিত অর্থ দিয়ে ঋণের কিছু অংশ পরিশোধ করলেও পরিবারের সব দেনা এখনো শোধ হয়নি। ঋণ পরিশোধ শেষে বাবা-মায়ের জন্য একটি বাড়ি তৈরি করে কিছুদিন পর স্থায়ীভাবে দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু দেশে ফিরল তাঁর নিথর মরদেহ।

উল্লেখ্য, সৌদি আরবের ওই অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোট তিনজন প্রবাসী নিহত হন। প্রথম পর্যায়ে রবিউলের মরদেহ আসলেও বাকি দুজনের মরদেহ এখনো দেশে পৌঁছায়নি।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান জানান, বৃহস্পতিবার রাতেই রবিউলের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তিনি আরও জানান, সৌদি আরবে নিহত নলডাঙ্গার অপর দুজনের মরদেহ শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নিহত নাটোরের রবিউলের দাফন সম্পন্ন

বিস্তারিত কমেন্টে