কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন।
তিনি বলেন, হলে যেন এ ঘটনাকে কেন্দ্র করে পুনরায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য তদন্ত সাপেক্ষে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চার সদস্যের তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। সদস্যসচিব হিসেবে রয়েছেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ময়নাল হোসাইন। সদস্য হিসেবে রয়েছেন আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ এবং সিএসসি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম বাবর।
সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ইলিয়াস ইসলাম শুভ এবং মো. হুমায়ুন কবির।
এর আগে মেসেঞ্জার গ্রুপে দেওয়া একটি বার্তাকে কেন্দ্র করে বিষয়টি সমাধানের জন্য হল প্রাধ্যক্ষের কক্ষে বৈঠকে বসেন সংশ্লিষ্টরা। এ সময় কক্ষের বাইরে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হোসাইনের মাথায় আঘাত লেগে কেটে যায়।