রাত গভীর হওয়ার পরও দেশে বিদ্যুতের চাহিদা কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার ভাষ্য, রাত ১২টার পরও বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাচ্ছে। এর পেছনে ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইকের ব্যাপক ব্যবহার অন্যতম কারণ।
বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা : জরুরি অগ্রাধিকারসমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাতে বিপুল সংখ্যক ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক চার্জ দেওয়া হয়। এসব যানবাহনের একটি বড় অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চার্জ করা হচ্ছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সরকার অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাত ১২টার পরও প্রায় ১৮ হাজার মেগাওয়াটের বিপুল বিদ্যুৎ চাহিদা দেখা যাচ্ছে। ব্যাটারিচালিত যানবাহনের রাতের চার্জিং এ চাহিদা বাড়ানোর অন্যতম কারণ।
এদিকে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে হঠাৎ আগুন লাগার ঘটনায় গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, কারিগরি ত্রুটি ও আগুন লাগার পরপরই পাশের একটি এলএনজিবাহী জাহাজ দ্রুত সরিয়ে নেওয়া হয়। এর ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।