বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮ | রাত ৯:১৩:৪৬

সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৪৩
শেয়ার: mail
সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিদ্যমান অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, নতুন সরঞ্জাম সংযোজন, অভ্যন্তরীণ টেকসই সক্ষমতা বৃদ্ধি এবং সেনাদের আত্মিক মনোবল শক্তিশালী করার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী ব্যাপক যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে বহুমাত্রিক সামরিক পদক্ষেপ সফলভাবে বাস্তবায়নের ফলে ইরানি বাহিনীর সামগ্রিক প্রতিরোধ সক্ষমতা পূর্বের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন এই জ্যেষ্ঠ কর্মকর্তা।

আক্রমিনিয়া স্পষ্ট করে বলেন, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি কেবল নতুন অস্ত্রের ওপর নির্ভর করে না; বরং পুরনো ও ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থার পুনর্বাসন এবং আধুনিকায়নের ওপরও অনেকাংশে নির্ভর করে। ইরান তার নিজস্ব দেশীয় প্রকৌশল ও কারিগরি শক্তির সর্বোচ্চ ব্যবহার করে সামরিক সরঞ্জাম পুনর্গঠন করে চলেছে। এটি মূলত দ্রুত সামরিক প্রতিক্রিয়া জানানো এবং জাতীয় প্রতিরক্ষা বলয় সুদৃঢ় করার এক সুদূরপ্রসারী কৌশল।”

সেনাবাহিনীর মুখপাত্র আরও জানান, নতুন প্রযুক্তির সামরিক সরঞ্জাম বিভিন্ন ক্যাডার ও ইউনিটে যুক্ত হওয়ায় বর্তমান আঞ্চলিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের নতুন পুনর্বিন্যাস করা হয়েছে। বিশেষ করে জটিল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ইরানের আকাশসীমা ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে (Air Defense) সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হচ্ছে।

ইরানি সেনাদের উচ্চ মনবলের কথা উল্লেখ করে আক্রমিনিয়া বলেন, “উন্নত সরঞ্জাম গুরুত্বপূর্ণ হলেও সামরিক বাহিনীর প্রকৃত শক্তি নির্ভর করে জওয়ানদের ঈমানি বিশ্বাস, মানসিক শৃঙ্খলা ও দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকারের ওপর। বর্তমানে আমাদের সেনাসদস্যরা প্রগাঢ় ‘জিহাদি চেতনা’ নিয়ে যেকোনো আগ্রাসন মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছে।”

অতীতের যুদ্ধের গৌরবোজ্জ্বল অভিজ্ঞতা এবং বর্তমান সক্ষমতার ওপর ভিত্তি করে ভবিষ্যতে যেকোনো সম্ভাব্য হুমকি নস্যাৎ করতে বাহিনী সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করা হয় তাসনিম নিউজের প্রতিবেদনে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward