চলমান এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে কুড়িগ্রামে ঘোষিত টানা সাত দিনের লোডশেডিংয়ের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরই সঞ্চালন লাইনের আধুনিকীকরণ ও উন্নয়নকাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
আগের নেওয়া ঘোষণা অনুযায়ী, ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উন্নয়নকাজের জন্য রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইন পর্যায়ক্রমে বন্ধ (শাটডাউন) রাখার কথা ছিল। এতে কুড়িগ্রাম জেলাজুড়ে ব্যাপকভাবে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন—এইচএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে এবং তীব্র খরতাপের মধ্যে এ সিদ্ধান্ত শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলবে।
জনদাবি ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে নেসকো তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। মঙ্গলবার ২৮ জুলাই নেসকোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, সঞ্চালন লাইনের নিয়মিত উন্নয়নকাজের অংশ হলেও এইচএসসি পরীক্ষা চলায় আগামী ৭ আগস্ট পর্যন্ত সব কাজ স্থগিত রাখার মৌখিক নির্দেশনা পাওয়া গেছে।
তবে পরীক্ষা শেষ হওয়ার পর আগামী ৮ আগস্ট থেকে সঞ্চালন লাইনের উন্নয়নকাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম। কাজ শুরু হলে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন বা লোডশেডিং হতে পারে বলে তিনি জানান। এতে নেসকো ও কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রাহকরা নির্দিষ্ট সময় পর্যন্ত সীমিত বিদ্যুৎ সরবরাহের মুখোমুখি হতে পারেন।
এর আগে গত ২৫ জুলাই ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি) প্রকল্প’-এর প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল—জিটুজি প্রকল্পের নির্মাণকাজের স্বার্থে রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন কার্যকর করা হবে।
ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছিল, শাটডাউনের কারণে নেসকোর আওতাধীন সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারগুলোতে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। তবে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের কোনো সুযোগ থাকলে তা কাজে লাগিয়ে স্বাভাবিক বিদ্যুৎ ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করা হবে।
kalprakash.com/IM