গত সাত দিনের টানা ভারী বর্ষণে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও ফটিকছড়ি এলাকায় বন্যাকবলিত ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।
রোববার (১২ জুলাই) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিলপাড়া, মুন্সিপাড়া, ওয়াচু, তপ্ত মাস্টারপাড়া, খেলা কুমারপাড়া, দুলছড়িপাড়া, সাপমারা ও ব্যাঙমারা এলাকায় শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া, ফটিকছড়ির বিভিন্ন বন্যাকবলিত এলাকায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেলের নেতৃত্বে দুই শতাধিক দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
এ সময় মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান জানান, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই মানবতার কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং প্রতিদিনই তা পরিচালিত হচ্ছে।
kalprakash.com/IM
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি 






















