“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাগাতিপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমার।
অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফলভোগীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও দেবাশীষ বসাক বলেন, পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের ভূমিকা আরও সুদৃঢ় হবে।
পরে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নাটোর প্রতিনিধি 






















