প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এখনো গড়ে ওঠেনি কোনো জিমনেশিয়াম। ফলে ৭৫ একর আয়তনের এ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮ হাজার শিক্ষার্থী নিয়মিত শরীরচর্চা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং ইনডোর ক্রীড়া চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, আধুনিক বিশ্ববিদ্যালয়ের অন্যতম মৌলিক অবকাঠামো হিসেবে একটি জিমনেশিয়াম থাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বেরোবিতে এ সুবিধা চালু না হওয়ায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শারীরিক শিক্ষা বিভাগ থাকলেও শিক্ষার্থীদের জন্য আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ কোনো জিমনেশিয়াম নেই। বিভিন্ন সময়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলেও সারা বছর নিয়মিত শরীরচর্চার জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনো গড়ে ওঠেনি।
শিক্ষার্থীরা জানান, একাডেমিক চাপ ও প্রযুক্তিনির্ভর জীবনযাপনের কারণে নিয়মিত শরীরচর্চার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়েছে। তাই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় জিমনেশিয়াম প্রতিষ্ঠা দীর্ঘদিনের দাবি।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মমিন ইসলাম বলেন, জিমনেশিয়াম শুধু শরীরচর্চার স্থান নয়, এটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দ্রুত একটি আধুনিক জিমনেশিয়াম স্থাপন করা প্রয়োজন।
বাংলা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আধুনিক জিমনেশিয়ামসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকা জরুরি। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অবশ্যই একটি জিমনেশিয়াম প্রয়োজন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে জিমনেশিয়াম না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ইনডোর গেমস, টেনিস, ব্যাডমিন্টন কিংবা শরীরচর্চার সুযোগ পাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পে জিমনেশিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের এ সংকট দূর হবে বলে আশা করছি।
বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য (রেজিস্ট্রার) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো জিমনেশিয়াম নেই। তবে নতুন মেগা প্রকল্পে একটি আধুনিক জিমনেশিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের এ অভাব দূর হবে।
মুজতাহিদ হাসান, বেরোবি প্রতিনিধি 



















