প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহজালাল কাজল।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব সুমন বড়ুয়া, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিন, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ, প্রভাষক নুরুল আফছার এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ দিদার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহজালাল কাজল বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করবে।
খাগড়াছড়ি প্রতিনিধি 

















