যশোরে প্রায় ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ শাহাব উদ্দিন সরদার নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক শাহাব উদ্দিন সরদার যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ভোরে গদখালী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে শাহাব উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন জানান, ঢাকার সায়েদাবাদ এলাকার একটি চোরাকারবারি চক্রের কাছ থেকে তিনি স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। সেগুলো যশোর হয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে।
আটক শাহাব উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি 
















