গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ উপজেলা শাখা।
সোমবার বিকেলে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রশিবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় তারা হত্যাকাণ্ডের বিচার, সন্ত্রাসী কর্মকাণ্ডের অবসান এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক একটি তাৎক্ষণিক মিছিল বের করলে একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আসে। তবে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। পরে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহিন ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সামিউল ইসলাম।
সামিউল ইসলাম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। দেশে শান্তি, সম্প্রীতি ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সমাবেশ থেকে নেতৃবৃন্দ নিহত সাইফুল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
গাইবান্ধা প্রতিনিধি 

















