সেশনজটের কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। একপর্যায়ে বিভাগের কয়েকটি কক্ষ তালাবদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রবেশপথে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানান, সেশনজটের কারণে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা প্রায় আট মাস পিছিয়ে গেছে। দীর্ঘ এ বিলম্বে তাদের অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভ চলাকালে অনুষদ ভবনের কয়েকটি শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং চলমান সেশনজট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সংক্রান্ত ছয় দফা দাবি উত্থাপন করেন তারা। দাবিগুলো হলো— আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব কোর্সের ইনকোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ, ছয় মাসের মধ্যে বাকি দুই সেমিস্টারের কার্যক্রম সম্পন্ন, ৪৮ ঘণ্টার মধ্যে বাকি দুই সেমিস্টারের রোডম্যাপ প্রকাশ, পরীক্ষা শেষ হওয়ার আট সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ, শিক্ষক সংকট থাকলে অতিথি শিক্ষক (গেস্ট টিচার) নিয়োগের মাধ্যমে কোর্স সম্পন্ন করা এবং এসব বিষয়ে কর্তৃপক্ষের লিখিত অঙ্গীকার প্রদান।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মৌখিক আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
ড. মাসুদা কামাল বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেলে অ্যাকাডেমিক কার্যক্রমে বিলম্বের জন্য দায়ী শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”
বাবলু দেব, কুবি প্রতিনিধি 


















