সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে পাবনায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদসহ জেলা, থানা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা বজায় রাখার আহ্বান জানান।
একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাবনা প্রতিনিধি 

















