নরসিংদীর মনোহরদীতে টমটমের ধাক্কায় গুরুতর আহত জোহান সারোয়ার বর্ণ (১৫) নামে দশম শ্রেণির এক মেধাবী স্কুলছাত্র চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার নিউ লাইফ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বর্ণ উপজেলার পীরপুর গ্রামের মোহাম্মদ শামীমের ছেলে এবং স্থানীয় পীরপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন টিফিনের সময় বর্ণ সাইকেলযোগে স্কুল থেকে বের হয়। পথিমধ্যে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে বর্ণের মাথা ও শরীরে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে ঢাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা তথ্য দেয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাইফুর রহমান নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 
















