নিখোঁজের দুই দিন পর পাবনার বেড়া উপজেলায় রহিম খান (৬৫) নামে এক লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিনপুর থানার দারিয়াপুর গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি লেবু ব্যবসায়ী ছিলেন।
আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, স্থানীয় আম ব্যবসায়ী আবুল কাশেমের আমবাগানে আম পাড়তে গিয়ে শ্রমিকরা একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে এসআই আওলাদ হোসেন আরও জানান, গত শনিবার (২০ জুন) সকালে রহিম খান বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, “মরদেহটি দুই থেকে তিন দিন ধরে ঝুলন্ত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”
পাবনা প্রতিনিধি 
















