পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন ‘কণ্ঠস্বর’ আবৃত্তি দলের আয়োজনে মঞ্চস্থ হয়েছে আবৃত্তি, নাটিকা ও সংগীতনির্ভর পরিবেশনা ‘মেঘমঞ্জরী’।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বনমালী শিল্পকলা কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে কণ্ঠস্বর আবৃত্তি দলের সদস্যরা আবৃত্তি, নাটিকা ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপভোগ করতে বনমালী শিল্পকলা কেন্দ্র প্রাঙ্গণে ভিড় করেন সংস্কৃতিপ্রেমী দর্শক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বনমালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। তিনি বলেন, বর্তমান সময়ে ধৈর্য সহকারে কবিতা শোনার মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কমে গেছে। তবুও কবিতার প্রতি ভালোবাসা থেকে যারা এ আয়োজনে অংশ নিয়েছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বনমালী শিল্পকলা একাডেমি সবসময় কবিতা, নাটক, সংগীত ও আবৃত্তিচর্চার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও নতুন নতুন আয়োজনের মাধ্যমে সংস্কৃতিচর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ।
আয়োজকরা জানান, ‘মেঘমঞ্জরী’ শুধু একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়, বরং আবৃত্তি, নাট্যচর্চা ও সংগীতের মাধ্যমে মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করার একটি প্রয়াস। আয়োজনটি দর্শকদের প্রশংসা অর্জন করে।
পাবিপ্রবি প্রতিনিধি 


















