জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের উদ্যোগে ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় হলের ডাইনিং কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ইমনের সভাপতিত্বে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সামিন ইয়াসিন লাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে হল ছাত্রদলের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী মো. লাজিম খান দ্বীপ বলেন, “অনুষ্ঠানের শুরুতে বড় ভাইরা আমাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। কীভাবে একজন ভালো ছাত্রের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা যায় এবং বিশ্ববিদ্যালয় জীবনের সময়কে কাজে লাগিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। আলোচনা শেষে আমাদের ফুল দিয়ে বরণ করা হয়। এটি একজন নবীন শিক্ষার্থীর জন্য আজীবন স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।”
হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আল ফিসা হজরত জিসান বলেন, “তোমাদের পদচারণায় ক্যাম্পাস আরও প্রাণবন্ত হয়ে উঠুক। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তোমরা সফল হও—এই প্রত্যাশা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগতম।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুজ্জামান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের হাতে কলম ও ফুল তুলে দিচ্ছে শিক্ষা, মূল্যবোধ ও ইতিবাচক রাজনীতির প্রতীক হিসেবে। এটাই আমাদের রাজনীতি, যেখানে শিক্ষার্থীদের ক্ষমতায়ন, সহাবস্থান এবং শিক্ষাবান্ধব পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।”
সভাপতির বক্তব্যে মেহেদি হাসান ইমন বলেন, “নবীন শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমাদের এই হলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন বা সমস্যায় সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “অতীতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ছিল, তা আর কখনো ফিরে আসুক আমরা চাই না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
kalprakash.com/SAS
জাবি প্রতিনিধি 



















