দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু স্থান থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
মঙ্গলবার যেসব এলাকায় বৃষ্টি হতে পারে
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
টানা কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা
মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ দুই দিনও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
kalprakash.com/IM