বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯ নম্বর কলসকাঠী ইউনিয়নে পৈতৃক জমি দখলচেষ্টা, হুমকি ও শান্তিভঙ্গের অভিযোগে বরিশালের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী মো. ফিরোজ আলম। তিনি মৃত খান জাহান আলী মাস্টারের ছেলে। তাঁর বাড়ি উপজেলার ৯ নম্বর কলসকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কোচনগর গ্রামে।
মামলার বিবাদীরা হলেন—মো. হাবিব খান, মৃত সরুপ আলী খানের ছেলে; মো. মাহবুব হাওলাদার, মৃত ইসমাইল হাওলাদারের ছেলে এবং মো. আরাফাত হোসেন, মৃত ওবায়দুল হাওলাদারের ছেলে। তাঁদের বাড়ি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট দুধল গ্রামে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, পৈতৃক ওয়ারিশ সূত্রে তিনি সংশ্লিষ্ট জমির মালিক। দীর্ঘদিন ধরে ওই জমিতে ইটভাটা নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সম্প্রতি বিবাদীরা দলবদ্ধভাবে জমিতে অনধিকার প্রবেশ করে ইটভাটার ইট সরিয়ে নেওয়া এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এতে বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি বাদীর।
অন্যদিকে, সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাদী ও বিবাদীরা পরস্পরের আত্মীয় এবং একসময় যৌথভাবে ইটভাটার ব্যবসা পরিচালনা করতেন। বর্তমানে ব্যবসাটি বন্ধ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, জমির বিরোধের পাশাপাশি যৌথ ব্যবসার হিসাব-নিকাশ নিয়েও তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। হিসাব-নিকাশ নিষ্পত্তি না করেই ইট নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এ মামলা দায়ের করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মামলার আবেদনে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে মামলাটি দায়ের করা হয়। আবেদনের বিবরণ অনুযায়ী, এলাকায় শান্তি বজায় রাখতে আদালত সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।