পবিত্র মক্কায় আয়োজিত ‘দুই পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনীতে’ ইসলামের পবিত্রতম স্থাপনাগুলোর ইতিহাস, স্থাপত্য ও পরিচর্যার নানা ঐতিহাসিক নিদর্শন প্রদর্শন করা হচ্ছে। এর উল্লেখযোগ্য একটি নিদর্শন হলো তামার তৈরি বিশেষ আংটি, যা সৌদি যুগে পবিত্র কাবা শরিফের কিসওয়া সুরক্ষিত ও যথাস্থানে আটকে রাখতে ব্যবহৃত হতো।
দেখতে সাধারণ হলেও এসব তামার আংটি কাবা শরিফের কিসওয়া রক্ষণাবেক্ষণের অতীত পদ্ধতির বাস্তব সাক্ষ্য বহন করছে।
একসময় পবিত্র ঘরের সেবায় ব্যবহৃত এসব কার্যকরী উপকরণ আজ ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত। এর মাধ্যমে দর্শনার্থীরা কিসওয়া সংরক্ষণ ও পরিচর্যায় অতীতে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাচ্ছেন।
‘দুই পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনী’ সাতটি বিশেষায়িত হল নিয়ে সাজানো হয়েছে। এতে পবিত্র কাবা, মসজিদে হারাম, মসজিদে নববী, আলোকচিত্র, পাণ্ডুলিপি ও জমজম পানিসহ বিভিন্ন বিভাগ রয়েছে। এসব হলে দুই পবিত্র মসজিদের ইতিহাসের বিভিন্ন পর্যায়ের প্রত্নবস্তু, স্থাপত্য উপাদান, শিলালিপি, আলোকচিত্র ও স্মারক প্রদর্শন করা হচ্ছে।
প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার এলাকাজুড়ে কাবার কিসওয়া তৈরির কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের পাশে স্থাপিত এই প্রদর্শনীতে দুই পবিত্র মসজিদের স্থাপত্য ও সেবাব্যবস্থার ক্রমবিকাশ তুলে ধরা হয়েছে। এর তত্ত্বাবধানে রয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষ।
সাধারণ একটি তামার আংটির মধ্য দিয়ে কাবার কিসওয়া পরিচর্যার যে ইতিহাস ফুটে উঠেছে, তা প্রদর্শনীটির অন্যতম আকর্ষণ। একই সঙ্গে এসব নিদর্শন দুই পবিত্র মসজিদের দীর্ঘ ইতিহাস ও সেবাযত্নের বিভিন্ন অধ্যায়কে দর্শনার্থীদের সামনে জীবন্ত করে তুলছে।
kalprakash.com/IM