আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। এই বিদায়কে ঘিরে যখন আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, তখন জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর কথাতেও মিলেছে বিদায়ের ইঙ্গিত।
৩৪ বছর বয়সী এই বাঁ-প্রান্তের ডিফেন্ডার জানিয়েছেন, জাতীয় দলের ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন তিনি। সোমবার স্থানীয় সময় সকালে বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাগলিয়াফিকো বলেন, ক্যারিয়ারের শেষ ভাগে পৌঁছে গেছি। তাই যতটা সম্ভব প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। কখন শেষ সময় এসে যাবে, কেউ জানে না।
মেসির বিদায় প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের বিদায় সব সময়ই কঠিন। কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে। আজ হোক বা কাল, এই দিন আসতই। ম্যারাডোনার বিদায়ের পর যেমন আর্জেন্টিনা ফুটবল আবার ঘুরে দাঁড়িয়েছিল, মেসির পরও আমাদের শক্তিশালী থাকতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়কে টানা দুই দশক দলে পেয়েছি। এখন সামনে কী আসছে, তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। দল হিসেবে প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে। বিষয়টি মেনে নেওয়া সহজ নয়, কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
২০১৭ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হওয়া তাগলিয়াফিকো গত কয়েক বছরে দলের রক্ষণভাগের অন্যতম ভরসায় পরিণত হন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি। এছাড়া ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফাইনালিসিমা জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার।
৬ অক্টোবরের বেনিন ম্যাচটি তাই শুধু মেসির বিদায়ী ম্যাচ হিসেবেই নয়, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী প্রজন্মের আরও কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের জাতীয় দল-অধ্যায়ের শেষ অধ্যায় হয়ে উঠতে পারে। তবে তাগলিয়াফিকো এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি।
kalprakash.com/IM