জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) ডাংধরা ইউনিয়নের কবিরপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে গত বছরের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সরোয়ার ই আলম। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম এবং ধারাভাষ্যকার আব্দুস সালাম পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শেরপুর সরকারি কলেজ ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মহসিন উদ্দিন মিলন এবং কুমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান।
এ ছাড়া বিশিষ্ট সমাজসেবক মো. রহমত আলীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় দর্শনার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতার প্রথম পুরস্কারের পৃষ্ঠপোষক ছিলেন শাহ মো. মনিরুর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে।
উদ্বোধনের পর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাহারি ঘোড়াগুলোর মনোমুগ্ধকর দৌড় উপভোগ করতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
kalprakash.com/SAS
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

















